সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হককে হত্যার উদ্দেশ্যে তার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগাড়া এলাকায় এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। হামলার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
ঘটনার পরপরই সংসদ সদস্যের সঙ্গে থাকা ফয়সল বিশ্বাসের ফেসবুক আইডি থেকে একটি লাইভ ভিডিও প্রচার করা হয়। ভিডিওবার্তায় ভিপি আইনুল হক অভিযোগ করেন, ‘‘আমার ওপর হামলা করা হয়েছে। আমি একজন সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই।’’ তিনি আরও দাবি করেন, ‘‘আমাদের জানমালের নিরাপত্তা নেই। এনসিপি ও শিবিরের লোকজন আমার ওপর হামলা করেছে। আমি দ্রুত এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’’
এমপির সহযোগী ফয়সল বিশ্বাসও ফেসবুক লাইভে একই অভিযোগ তুলে বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের ইন্ধনে ছাত্রশিবির ও এনসিপির নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে।
তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে স্থানীয় জামায়াতে ইসলামী। সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, ‘‘বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে তারা নিজেরাই নিজেদের গাড়ি ভাঙচুর করে এর দায় জামায়াতে ইসলামীর ওপর চাপানোর চেষ্টা করছে। এ ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পৃক্ততা নেই। আমরা এ ধরনের নোংরা রাজনীতির সঙ্গে জড়িত নই। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’’
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।