ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শনের সাথে নগরবাসীকে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকা হেরিটেজ রান’। গতকাল শনিবার সকালে মতিঝিল শাপলা চত্বর থেকে এই দৌড় শুরু হয়। প্রায় এক হাজারের বেশি নাগরিক এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
ঢাকার ৪১৬ বছর পূর্তি ও ১ আগস্ট ‘ঢাকা দিবস’ উপলক্ষে ডিএসসিসির মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে এই বিশেষ দৌড়ের আয়োজন করা হয়েছে। সকাল ৭টায় শাপলা চত্বর থেকে যাত্রা শুরু করে দৌড়টি কাকরাইল, রমনা, শাহবাগ, কাটাবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, পলাশী ও লালবাগ কেল্লা হয়ে শহীদনগর দিয়ে সোয়ারিঘাটে গিয়ে শেষ হয়। দৌড় শেষে অংশগ্রহণকারীদের সিটি করপোরেশনের পক্ষ থেকে সনদ ও পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দৌড়ের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
উদ্বোধনী বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলার পাশাপাশি দেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের ওপরও আমাদের গুরুত্ব দিতে হবে। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ঢাকার ইতিহাস ও ঐতিহ্য আরও স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হবে।
ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, আমার মূল উদ্দেশ্য ছিল আমার শহর ঢাকাকে ভালোবাসা, যাকে নিয়ে আমাদের গর্ব করা উচিত। আজকের হেরিটেজ রানে অংশ নিয়ে আপনারা ঢাকার বিভিন্ন এলাকার বাস্তব চিত্র দেখেছেন। কোথাও রাস্তা ভালো, কোথাও ভাঙাচোরা, আবার কোথাও বৃষ্টিতে কর্দমাক্ত—এটাই ঢাকার বর্তমান বাস্তবতা। এই বাস্তবতার মধ্যেই নগরবাসীর জীবনযাত্রাকে আরও সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। আয়োজকদের পক্ষ থেকে নগরবাসীকে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অন্যান্য আয়োজনেও অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।