রাজধানীর ডেমরায় বোমা সদৃশ দুটি বস্তুর সন্ধান পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এবং বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করছেন। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) নিঝুমবাগের একটি বাড়িতে বোমা সদৃশ বস্তু দুটির উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান। তিনি জানান, বিকেল ৫টার দিকে তথ্য পাওয়ার পরপরই বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বেশ দূরে অবস্থান করছেন বলে তিনি জানিয়েছেন।
সিটিটিসির একজন কর্মকর্তা জানান, এর আগে যাত্রাবাড়ীর জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনার আসামি ধরতে গিয়েই পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালায় এবং সেখানে বোমা সদৃশ দুটি বস্তুর সন্ধান পায়। বোম্ব ডিসপোজাল ইউনিট ইতিমধ্যে একটি বস্তু নিষ্ক্রিয় করেছে এবং অন্যটি নিষ্ক্রিয় করার কাজ চলমান রয়েছে।