দেশের গ্যাসের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জরুরি চাহিদা পূরণের লক্ষ্যে উন্মুক্ত দরপত্র ছাড়াই ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থ বিবেচনা করে সরাসরি ক্রয় পদ্ধতিতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে এই এলএনজি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাবটি পর্যালোচনা শেষে নীতিগত অনুমোদন দেওয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে উপস্থাপন করা এই প্রস্তাব অনুযায়ী, প্রতিটি প্রতিষ্ঠান থেকে দুটি করে মোট ১৪ কার্গো এলএনজি কেনা হবে।
সরকার জানিয়েছে, দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা ও সরবরাহের ঘাটতি মোকাবিলায় আমদানিনির্ভর এলএনজির ওপর নির্ভর করতে হচ্ছে। সাম্প্রতিক সময়ে গ্যাসের সরবরাহ ও মজুত কমে যাওয়ায় জরুরি ভিত্তিতে নতুন এই কার্গো আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
এই পুরো ক্রয় প্রক্রিয়াটি সরকারি ক্রয় আইন ও বিধিমালা মেনেই সম্পন্ন করা হবে। এক্ষেত্রে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ১০৭, ৯৭ ও ৯৮ বিধি অনুসরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।