ক্যানসার আক্রান্ত এক মায়ের ব্যয়বহুল চিকিৎসার তহবিল গঠনের লক্ষ্যে বিশেষ এক উদ্যোগ নিয়েছে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের মানবিক প্ল্যাটফর্ম ‘টুগেদার উই ক্যান’। আগামী ২১ ও ২২ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী এক বিশেষ উৎসব, যার নাম দেওয়া হয়েছে ‘মায়ের জন্য টুগেদার উই ক্যান’। এই উৎসবের টিকিট বিক্রির পুরো অর্থ ব্যয় করা হবে চিকিৎসাধীন ওই মায়ের কল্যাণে।
মূলত থিয়েটার কর্মী ক্যামেলিয়া শারমিন চূড়ার মা শাহিন সুলতানার চিকিৎসার খরচ জোগানোর উদ্দেশ্যেই এই উৎসবের আয়োজন। তিনি বর্তমানে চতুর্থ স্তরের রেকটাল ক্যানসারে আক্রান্ত এবং তার জরুরি চিকিৎসা প্রয়োজন। এর আগে ‘টুগেদার উই ক্যান’-এর সহায়তায় গাজীপুর সিটি কর্পোরেশনে সফলভাবে মঞ্চনাটক প্রদর্শন করেছিলেন ক্যামেলিয়া। সেখানে দারুণ সাড়া পাওয়ার পর এবার রাজধানীর দর্শকদের জন্য এই বড় আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবের প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মিলনায়তনের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে। এরপর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শুরু হবে ‘ধরণীর গান’ নামের একটি বিশেষ পর্ব। এই পর্বে নতুন প্রজন্মের তরুণ শিল্পীদের সঙ্গে গান পরিবেশন করবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা। এরপর রাত ৮টায় মঞ্চস্থ হবে উৎসবের মূল আকর্ষণ, কবি জসীম উদদীনের বিখ্যাত কাব্যোপন্যাস অবলম্বনে নির্মিত নাটক ‘সোজন বাদিয়ার ঘাট’। নাটকটি পরিবেশন করবেন ক্যামেলিয়া শারমিন চূড়া ও তার দল।
এই উৎসবের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ও ৫০০ টাকা। তবে শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়, তারা মাত্র ৩০০ টাকায় টিকিট সংগ্রহ করতে পারবেন। এক ভিডিও বার্তায় কাজী নওশাবা আহমেদ বলেন, ক্যানসারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং এককভাবে এই খরচ বহন করা কোনো পরিবারের পক্ষে সম্ভব নয়। ‘টুগেদার উই ক্যান’ সবসময় সহমর্মিতা, বন্ধুত্ব ও একতায় বিশ্বাস করে। সেই দর্শন থেকেই প্রথমবারের মতো টিকিট বিক্রির মাধ্যমে এই তহবিল সংগ্রহের আয়োজন করা হয়েছে। তিনি সবাইকে পরিবার ও বন্ধুদের নিয়ে এই উৎসবে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।