রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে মাদকদ্রব্য, অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধারের ঘটনায় মোট ৪৭টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩১ জন, ওয়ারীতে ৯১ জন, উত্তরায় ৫৯ জন, তেজগাঁওয়ে ৫১ জন, মতিঝিলে ৪৮ জন, গুলশানে ৪৫ জন, রমনা বিভাগে ৩৬ জন এবং লালবাগ বিভাগে ৩১ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগে চারজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে (সিটিটিসি) দুইজন গ্রেপ্তার হয়েছেন।
পুলিশের অভিযানে উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে দুটি দেশীয় পাইপগান, দুই রাউন্ড কার্তুজ, চারটি চার্জারসহ ৩৯ রাউন্ড চায়না রাইফেলের গুলি। মাদকদ্রব্যের মধ্যে ১০ হাজার ২৮৭ পিস ইয়াবা, এক কেজি ১৫০ গ্রাম গাঁজা এবং ৭০ বোতল স্কাফ জব্দ করা হয়েছে। এছাড়াও অভিযানে একটি চাকু, কাঁচি, ব্লেডের অংশ, পাঁচটি মোবাইল ফোন, নগদ অর্থ, একটি ট্রাক, একটি মোটরসাইকেল এবং একটি সিপিইউ উদ্ধার করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।