আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালিকে এই মুহূর্তে আমেরিকার ভূখণ্ড বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২১ আগস্ট) দক্ষিণ ক্যারোলাইনায় আয়োজিত এক সমাবেশে তিনি এই বিতর্কিত দাবিটি করেন। ট্রাম্প বলেন, আমরা এমনকি জানিও না আমরা জিতেছি কি না, কারণ এই মুহূর্তে আমি হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড হিসেবেই দেখছি।
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রসঙ্গ টেনে ট্রাম্প রসিকতার ছলে আরও বলেন, শুক্রবার রাত এবং আমাদের হাতে অনেক সময় আছে। আমাকে কি ইরানে আরও একটু বোমা ফেলতে হবে? এর আগে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবেও তিনি হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার ধারণাটি পছন্দ করার কথা জানিয়েছিলেন। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি মানচিত্রও প্রকাশ করেছিলেন, যেখানে হরমুজ প্রণালিকে নতুন মার্কিন ভূখণ্ড হিসেবে চিহ্নিত করা হয়।
মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত মার্কিন বাহিনী ৬৮টি বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালির অবরোধ মেনে চলতে বাধ্য করেছে। ওয়াশিংটন ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর চেষ্টা অব্যাহত রাখলেও এখন পর্যন্ত দুই দেশের মধ্যে কোনো শান্তি চুক্তি সফল হয়নি। সংঘাত প্রায় ছয় মাসে গড়ানোর মুখে মার্কিন প্রশাসন এই চাপ আরও বাড়ানোর কৌশল নিয়েছে।
এর আগেও ট্রাম্প অবরোধের মাধ্যমে প্রণালিটি নিয়ন্ত্রণের হুমকি দিয়েছিলেন এবং তার ইচ্ছা অনুযায়ী জাহাজ চলাচলের কথা বলেছিলেন। তবে ট্রাম্পের এই বক্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি ট্রাম্পের এ দাবিকে ভ্রান্ত কল্পনা বলে উড়িয়ে দিয়েছেন।