গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ৮৮০ জন শিশু আক্রান্ত হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। শনিবার বিকেলে প্রকাশিত হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। প্রতিবেদনে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যদিও গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে, তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৩১ শিশুর মৃত্যু হয়েছে। এর বাইরে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে এই সময়ের মধ্যে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩০ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৫ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৮১৫ জন। একই সময়ে নতুন করে ৭৫৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৯৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৪০৬ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ২৭৩ জন। এই সময়ে মোট ১ লাখ ২৯ হাজার ৫৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ২৫ হাজার ১৫১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।