গ্রিসের ক্রিট দ্বীপে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বারবিকিউ জ্বালিয়ে দাবানল ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক ইসরায়েলি নাগরিককে আটক করেছে স্থানীয় পুলিশ। ঘটনার সূত্রপাত হয় শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় পর্যটন শহর প্লাকিয়াসের কাছে দক্ষিণ রেথিমনোর সেলিয়া গ্রাম এলাকায়। এই ঘটনায় শনিবার ৩৫ বছর বয়সী ওই ইসরায়েলি পর্যটককে আটক করা হয় এবং তাকে রোববার রেথিমনোর আদালতে হাজির করার কথা রয়েছে।
গ্রিক ফায়ার সার্ভিসের অগ্নিসংযোগ তদন্ত ইউনিটের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, একটি ভাড়া করা ভিলার আঙিনা থেকে আগুনের উৎপত্তি হয়, যেখানে কয়েকজন ইসরায়েলি পর্যটক অবস্থান করছিলেন। কর্তৃপক্ষের জারি করা কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও সেখানে বারবিকিউ জ্বালানো হয়েছিল। বারবিকিউ থেকে আগুনের স্ফুলিঙ্গ বাতাসে উড়ে শুকনো গাছপালায় পড়ে, যা দ্রুত আশপাশের খোলা এলাকায় দাবানল হিসেবে ছড়িয়ে পড়ে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, পানি বহনকারী ট্যাংকার, হেলিকপ্টার এবং স্বেচ্ছাসেবকরা প্রায় চার ঘণ্টা নিরলস কাজ করেন। গ্রিসে বর্তমানে উচ্চ অগ্নিঝুঁকির দিনগুলোতে বারবিকিউ জ্বালানোসহ আগুনের স্ফুলিঙ্গ তৈরি করতে পারে এমন সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা রয়েছে। এর আগে রেথিমনো এলাকায় বড় ধরনের দাবানলের কারণে হাজারো বাসিন্দা ও পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছিল, যা দেশটিতে কয়েক সপ্তাহ ধরে চলমান ভয়াবহ দাবানল পরিস্থিতির অংশ।