বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর নিজের ব্যক্তিত্বের অধিকার (পারসোনালিটি রাইটস) সুরক্ষার দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর করা আবেদনের ওপর ভিত্তি করে আদালত অনলাইনে থাকা ৫৫২টি আপত্তিকর ও অশালীন ইউআরএল (লিংক) অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।
জাহ্নবী কাপুরের দায়ের করা এই মামলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা আপত্তিকর ডিপফেক ছবি, ভুয়া অ্যাকাউন্ট এবং তাঁর নাম-পরিচয় ব্যবহার করে বাণিজ্যিকভাবে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ আনা হয়েছে। মামলায় প্রায় সাত হাজার লিংকের কথা উল্লেখ করা হলেও আদালত প্রাথমিক পর্যবেক্ষণে ৫৫২টি আপত্তিকর ও অশালীন ইউআরএল দ্রুত অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
শুনানির সময় আদালত সাধারণ ভক্তদের পরিচালিত ফ্যান পেজ এবং আপত্তিকর কনটেন্ট ছড়ানো পেজগুলোর মধ্যে পার্থক্য বজায় রাখার ওপর জোর দিয়েছেন। দিল্লি হাইকোর্ট পর্যবেক্ষণ করে বলেন, কোনো তারকার নামে ফ্যান পেজ চালানো মানেই সেটি বেআইনি নয়। এসব পেজে তারকার ছবি, ভিডিও, চলচ্চিত্রের তথ্য, প্রশংসা কিংবা সমালোচনা থাকতেই পারে। শুধুমাত্র তারকার নাম বা ছবি ব্যবহারের কারণে সব ফ্যান ক্লাব বন্ধ করে দেওয়া যৌক্তিক হবে না।
তবে আদালত স্পষ্ট করে জানিয়েছেন, কোনো পেজে যদি অশালীন কনটেন্ট প্রচার করা হয় কিংবা তারকার পরিচয় ব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা চালানো হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, জাহ্নবী কাপুরকে সর্বশেষ দেখা গেছে তেলেগু ভাষার অ্যাকশনধর্মী সিনেমা ‘পেড্ডি’-তে। বুচি বাবু সানা পরিচালিত এই চলচ্চিত্রে তিনি রাম চরণ ও শিবরাজ কুমারের সঙ্গে অভিনয় করেছেন।