পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৫ নবজাতকের প্রাণহানি ঘটেছে। বুধবার (২৬ আগস্ট) সকালের দিকে হাসপাতালের মাতৃ ও শিশু স্বাস্থ্য (এমসিএইচ) বিভাগের নবজাতক ইউনিটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের সময় ওই ইউনিটে মোট ১৬ জন নবজাতক চিকিৎসাধীন ছিল। এদের মধ্যে মাত্র একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকারী সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালের তৃতীয় তলায় অবস্থিত নবজাতক ইউনিটের একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা পুরো ইউনিটে ছড়িয়ে পড়ে।
জেলা প্রশাসনের কর্মকর্তাদের ভাষ্যমতে, আগুনে ১৪ জন শিশু ঘটনাস্থলেই পুরোপুরি পুড়ে মারা যায়। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি ও চারটি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে এবং এরপর ভেতরে থাকা উত্তপ্ত অংশ থেকে পুনরায় আগুন ছড়ানো রোধ করতে কুলিং অপারেশন চালানো হয়।
এই ভয়াবহ দুর্ঘটনার কারণ ও দায়বদ্ধতা নিরূপণে জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বে গঠিত এই কমিটি আগুনের প্রকৃত সূত্রপাত এবং পুরো ঘটনাটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখবে।