সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত নওগাঁর সাত কর্মীর মরদেহ বৃহস্পতিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৪০ নম্বর ফ্লাইটযোগে মরদেহগুলো বিকেল ৪টা ৫ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে বিকেল সাড়ে পাঁচটার দিকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো নওগাঁর আত্রাই উপজেলার উদ্দেশে রওনা হয়। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে নিহতদের পরিচয় শনাক্ত করেছে। নিহত ব্যক্তিরা হলেন আত্রাই উপজেলার উদনপৈ গ্রামের মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামানিক, মোহন আলী, সুমন আলী ও কলিমুদ্দিন, ডুবাই গ্রামের সোহেল রানা এবং মার্কাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরদার। আত্রাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে মরদেহগুলো বিনা খরচে আনার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।
ইউএনও আরও জানান, সৌদি আরবের ওই দুর্ঘটনায় শুরুতে আত্রাই উপজেলার ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও বর্তমানে ১১ জন এবং নওগাঁ সদর উপজেলার একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি মরদেহগুলো দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। শুক্রবার সকাল দশটার দিকে আত্রাই উপজেলা সদরের মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে নিহত সাতজনের একত্রে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় স্থানীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম, জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম ও পুলিশ সুপার মো. তারিকুল ইসলামসহ জনপ্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ উপস্থিত থাকবেন। জানাজা শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে গত মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ দুতাবাস রিয়াদ, সৌদি আরবের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার বিকেলে মরদেহগুলো বাংলাদেশে আসার তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ড ১৬ জন বাংলাদেশিকর্মী মৃত্যুবরণ করেন।