ভয়াবহ হিমবাহধস ও আকস্মিক বন্যার ধকল কাটিয়ে ওঠার আগেই তিব্বতে নতুন করে আঘাত হেনেছে ৫ মাত্রার ভূমিকম্প। বৃহস্পতিবার মধ্যরাতে উত্তর তিব্বতে এই ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
এর আগে বুধবার চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র তিব্বতের নাগকু এলাকায় ৪ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানার খবর জানিয়েছিল। সর্বশেষ অনুভূত হওয়া এই ভূমিকম্পের কেন্দ্রস্থল বুধবারের বন্যাদুর্গত নেপাল ও চীনের ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো থেকে কয়েক শত মাইল উত্তরে অবস্থিত বলে জানা গেছে।
তিব্বতে প্রাকৃতিকভাবে পানি আটকে তৈরি হওয়া 'ব্যারিয়ার লেক' বা হ্রদের বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় চীন সরকার বন্যা মোকাবিলায় চতুর্থ স্তরের 'ফ্লাড রেসপন্স' ব্যবস্থা সক্রিয় করেছে। চীনের পানি সম্পদ মন্ত্রণালয় স্থানীয় প্রশাসনকে হ্রদটির পানির স্তর ও বৃষ্টিপাতের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার কঠোর নির্দেশ দিয়েছে। পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য গিরং কাউন্টিতে এরই মধ্যে একটি বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে।