রাজধানীর গেন্ডারিয়ার মুন্সিরটেক এলাকায় রোববার সন্ধ্যায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। ভুক্তভোগীরা হলেন চা দোকানি আলমগীর (৩৩), পথচারী সিয়াম (১৮) এবং আশা আক্তার (২০)। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আহতদের মধ্যে সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের কপালে এবং আশা আক্তারের ডান পায়ের রানে গুলি লেগেছে। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বর্ণনা অনুযায়ী, সন্ধ্যায় মুন্সিরটেক এলাকায় একটি অফিসের কাছে হঠাৎ মারামারি ও গোলাগুলি শুরু হয়। যাত্রাবাড়ীর একটি হোটেলের কর্মী সিয়াম জানান, তিনি ওই সময় ফুফার চায়ের দোকানে ছিলেন। পরিস্থিতি উত্তপ্ত দেখে দোকানের শাটার বন্ধ করার সময় তিনি গুলিবিদ্ধ হন। চায়ের দোকানি আলমগীরের স্ত্রী জান্নাতি আক্তার জানান, তার স্বামী দোকানের ভেতরে থাকা অবস্থায় কপালে গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় বাসিন্দা আশা আক্তার জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় মারামারির মধ্যে পড়ে গিয়ে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। তবে তারা কেউ-ই হামলাকারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত করতে পারেননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আহতরা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।