জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে রাজিব পরিবহনের একটি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের ভাষ্যমতে, জামালপুর থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের বাসটি লাহেরীকান্দা এলাকায় পৌঁছালে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অটোরিকশার ওপর পড়ে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করেন। আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত দুটি মরদেহ জামালপুর হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুটি মরদেহ ঘটনাস্থলেই রয়েছে। উল্টে থাকা বাসের নিচে আরও মরদেহ আটকে আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বাসটি সরিয়ে ফেলার কাজ চলছে এবং উদ্ধারকাজ শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
এদিকে, স্থানীয়দের অভিযোগ, রাজিব পরিবহনের বাসগুলোর বেপরোয়া গতির কারণে এই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।