দীর্ঘ সাত বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) পদ ফিরে পেয়েছেন ২০১৯ সালের নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া মো. রাশেদ খাঁন। গত ৩১ আগস্ট সোমবার অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সূত্রে জানা গেছে, ডাকসুর সাবেক জিএস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর এমফিলের ছাত্রত্ব নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্তে তার ছাত্রত্ব অবৈধ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে শোকজ নোটিশ প্রদান করে। নির্ধারিত সময়ে তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে না পারায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার ছাত্রত্ব বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এর ফলে তার ডাকসুর জিএস পদটিও বাতিল হয়ে যায়।
এই পরিবর্তনের পর ২০১৯ সালের ডাকসু নির্বাচনে জিএস পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া মো. রাশেদ খাঁনকে ওই পদে বিজয়ী ঘোষণা করা হয়। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক প্রতিক্রিয়ায় রাশেদ খাঁন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।’ তিনি তার পোস্টে বিষয়টি নিশ্চিত করে জানান যে, গোলাম রব্বানীর ছাত্রত্ব বাতিল এবং সিন্ডিকেটের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাকে জিএস ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য যে, ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ৩৭তম ডাকসু নির্বাচনে গোলাম রব্বানী ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছিলেন। একই নির্বাচনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে মো. রাশেদ খাঁন ৬ হাজার ৬৩ ভোট পেয়েছিলেন। সেই নির্বাচনে ভিপি পদে নুরুল হক নুর ১১ হাজার ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন।