যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই ধন্যবাদ জানানোর পাশাপাশি তার সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ব্যক্ত করেছেন। মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টের এই চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সোমবার হোয়াইট হাউসের প্যাডে পাঠানো ওই চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের বিষয়ে প্রধানমন্ত্রীর মনোযোগের কথা তিনি ভুলবেন না। চিঠিতে ট্রাম্প আরও আশ্বস্ত করেছেন যে, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না।
চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। নানা প্রতিকূলতার মধ্যদিয়ে গেলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি বিশ্বাস করেন।
উল্লেখ্য, গত রোববার রাতে দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর এক এক্স পোস্টে নতুন চুক্তির আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনতে রাজি হয়েছে বলে জানিয়েছিলেন। তিনি উল্লেখ করেছিলেন, এ সপ্তাহে বোয়িংয়ের কেনাকাটা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে একটি অভূতপূর্ব চুক্তি হয়েছে। এই তথ্য প্রকাশের একদিন পরই মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে এই চিঠি পাঠালেন।