সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের কুমিল্লার চৌদ্দগ্রাম থানা এলাকার ২৮৪ শতক জমি ও দুটি জিপ গাড়ি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা সাবেক এই মন্ত্রীর স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার জন্য আবেদনটি করেছিলেন। দুদকের ওই আবেদনে বলা হয়, মুজিবুল হক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করেছেন। তিনি পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৭ কোটি ৩৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ-দখলে রেখেছেন। এই অভিযোগে গত বছরের ১৭ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।
আবেদনে আরও উল্লেখ করা হয়, মামলার তদন্তকালে রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা গেছে যে, আসামি তার নিজের ও স্বার্থসংশ্লিষ্ট স্থাবর-অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলাটি নিষ্পত্তি হওয়ার আগে সম্পত্তিগুলো এভাবে স্থানান্তর হয়ে গেলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু তদন্ত পরিচালনার স্বার্থে এসব সম্পদ দ্রুত জব্দ ও অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত আজ এই আদেশ মঞ্জুর করেন।