রাজধানীর সার্কিট হাউস রোডে বেপরোয়া গতিতে উল্টো পথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টা ৮ মিনিটে এই ঘটনা ঘটে।
ট্রাফিক পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা জানান, মন্ত্রীর পতাকাবাহী ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫ নম্বরের গাড়িটি সচিবালয়ের দিকে যাওয়ার সময় উল্টো পথ ব্যবহার করছিল। এসময় ট্রাফিক পুলিশ গাড়িটি থামিয়ে দেয়। ওই সময় গাড়িতে বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, ঢাকা মহানগর পুলিশ আইনের লঙ্ঘন করে উল্টো পথে গাড়ি চালানোর দায়ে দুটি মামলা করা হয়েছে। প্রতিটি মামলার বিপরীতে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রেঞ্জ রোভার গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে।
ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা জানান, মন্ত্রীর গাড়িটি যখন উল্টো পথে চলছিল, ঠিক তখনই প্রধানমন্ত্রীর গাড়িবহর পাশের সড়ক দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল। কোনো মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে উল্টো পথে চলার দায়ে মামলা করার ঘটনা দেশে এই প্রথম বলে উল্লেখ করেছেন ওই ট্রাফিক কর্মকর্তা।