বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে আজ রোববার (৬ সেপ্টেম্বর) দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। এদিন বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
এর আগে গত ২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি জনস্বার্থে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করেছেন।
সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত—এর মধ্যে যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদে বহাল থাকবেন।