ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা আলী খামেনির সামরিক উপদেষ্টা ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে হরমুজ প্রণালির বাইরে নতুন একটি 'নিয়ন্ত্রিত অঞ্চল' ঘোষণা করবে ইরান। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
মহসেন রেজাই জানান, যুক্তরাষ্ট্র যেখান থেকে নৌ অবরোধ শুরু করেছে, সেখান থেকে এই নতুন নিয়ন্ত্রিত অঞ্চলটির সীমানা শুরু হবে। উপসাগরের বিভিন্ন এলাকায় এই অঞ্চলটি বিস্তৃত থাকবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, কোনো জাহাজ যদি নতুন এই নিয়ন্ত্রিত অঞ্চলে প্রবেশ করে, তবে সেই জাহাজটিকে অবিলম্বে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হবে।
নতুন এই করিডরটি ইরান পরিচালনা করবে বলে জানান মহসেন রেজাই। তিনি বলেন, ওমানের সঙ্গে আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য নতুন একটি আন্তর্জাতিক করিডর নির্ধারণ করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে তেহরান হরমুজ প্রণালি বন্ধ রেখেছে। বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই পথ দিয়ে পরিবহন করা হয়, যার ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে গেছে। এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর ছড়িয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে নিজের নামে ‘ট্রাম্প প্রণালি’ রাখার পরিকল্পনা করছেন।