আটলান্টিক মহাসাগরে পশ্চিম আফ্রিকার উপকূলের কাছে অবস্থিত কেপ ভার্দের ফোগো দ্বীপে একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) দেশটির জাতীয় সংবাদ সংস্থা ইনফোরপ্রেস এই মর্মান্তিক তথ্য নিশ্চিত করেছে।
দুর্ঘটনাটি ঘটে শনিবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে ফোগোর উত্তরাঞ্চলের একটি পাহাড়ি সড়কে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে প্রায় ৩০ মিটার গভীর একটি খাড়া খাদে পড়ে যায়। বাসে থাকা যাত্রীদের বড় একটি অংশ ছিল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং কিশোর-কিশোরী।
শিক্ষা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এই ভ্রমণের আয়োজন স্থানীয় কোনো স্কুল কর্তৃপক্ষ করেনি। বাসচালক নিজ উদ্যোগে প্রতিবছর এই ধরনের ভ্রমণের আয়োজন করতেন। দুর্ভাগ্যবশত, এই দুর্ঘটনায় বাসচালক নিজেও নিহত হয়েছেন।
দুর্ঘটনায় আহত কয়েকজনকে ফোগোর সাও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে।