প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬: ০০। ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিওবার্তার মাধ্যমে তিনি এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
বাঁধন জানান, স্থানীয় একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার সময় একদল ব্যক্তি তার ওপর চড়াও হন। হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় তার গায়ে কোক ও ডিম ছোড়া হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলা হয়। অভিনেত্রী অভিযোগ করেন, হামলাকারীরা তাকে জোরপূর্বক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন এবং সেই দৃশ্য ভিডিও ধারণ করেন। এ সময় তাকে নানা ধরনের গালিগালাজও করা হয়।
ভিডিওবার্তায় বাঁধন নিজের ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার গায়ে হাত তোলা হয়েছে। এমনকি আমার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে। আপনাদের এ ধরনের অসংলগ্ন আচরণ থেকে বের হয়ে আসা উচিত। আপনারা এভাবে নিজেদের ফেরাতে পারবেন না।’ ঘটনার সময় সজীব ওয়াজেদ জয় ভেনিসেই অবস্থান করছেন বলে উল্লেখ করে তিনি বিষয়টি তার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, একদল ব্যক্তি নিজেদের ছাত্রলীগ কর্মী দাবি করে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ আখ্যায়িত করছেন এবং তার ওপর আক্রমণাত্মক আচরণ করছেন। ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া বাঁধন বর্তমানে ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।