নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর রেয়াতি সুবিধা প্রদানের সরকারি প্রস্তাব অনুমোদিত হয়েছে। সোমবার রাতে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রস্তাবনা অনুযায়ী, সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের উদ্দেশ্যে আনা যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে বেশ কিছু কর থেকে অব্যাহতি দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি, সমুদয় রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর এবং অগ্রিম আয়কর। এই রেয়াতি সুবিধা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ১৮০ দিন পর্যন্ত কার্যকর থাকবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের ফলে বিদ্যুৎ ঘাটতির কারণে জনজীবনে সৃষ্ট ভোগান্তি অনেকাংশে কমে আসবে। এছাড়া শিল্প উৎপাদন প্রক্রিয়া সচল রাখা, উৎপাদন ব্যয় হ্রাস করা এবং যন্ত্রপাতির ক্ষতি কমানোর ক্ষেত্রেও এই সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।