এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তির মুখে পড়েছেন পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক ফাতিমা সানা। আইসিসির খেলোয়াড় ও সহযোগী স্টাফদের আচরণবিধির ২.৫ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘনের অপরাধে তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি পাকিস্তানি এই অধিনায়কের শৃঙ্খলা রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে।
ভারতের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ওভারে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে এই শাস্তি দেওয়া হয়। ভারতীয় ওপেনার শেফালি বর্মাকে আউট করার পর তাকে প্যাভিলিয়নের দিকে ইশারা বা অঙ্গভঙ্গি করেছিলেন ফাতিমা, যা আচরণবিধি লঙ্ঘনের শামিল। গত ২৪ মাসের মধ্যে এটি তার দ্বিতীয় অপরাধ, যার ফলে এই সময়সীমার মধ্যে তার মোট ডিমেরিট পয়েন্টের সংখ্যা দাঁড়িয়েছে দুইয়ে। এর আগে ২০২৫ সালের ৬ আগস্ট ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম match চলাকালীন নিজের প্রথম ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন এই পাকিস্তানি অধিনায়ক।
ম্যাচ শেষে ফাতিমা সানা নিজের ভুল স্বীকার করে নিয়েছেন। এমিরেটস আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল অব ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী দাসের প্রস্তাবিত শাস্তি তিনি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। অন-ফিল্ড আম্পায়ার নিমালি পেরেরা ও সাথিরা জাকির জেসী, তৃতীয় আম্পায়ার রোকেয়া সুলতানা এবং চতুর্থ আম্পায়ার রাবাব আহসান পাকিস্তানি অধিনায়কের বিরুদ্ধে এই অভিযোগটি এনেছিলেন।
ফাতিমা আইসিসির খেলোয়াড় এবং সহযোগী স্টাফদের আচরণবিধির ২ দশমিক ৫ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন বলে প্রমাণিত হয়।