যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে মঙ্গলবার ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন। এই আন্তর্জাতিক আয়োজনে সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বাংলাদেশ সময় রাত ৯টা ৫ মিনিটের দিকে জাতিসংঘের সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে শপথ গ্রহণ অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বক্তব্য রাখেন এবং এরপর ড. খলিলুর রহমান সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের গোপন ব্যালট ভোটের মাধ্যমে ড. খলিলুর রহমানকে ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছিল। সেই নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন। দীর্ঘ চার দশক পর কোনো বাংলাদেশি কূটনীতিক বিশ্বের বৃহত্তম বহুপাক্ষিক ফোরামের এই শীর্ষ পদে দায়িত্ব পালন করছেন। এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, শপথ গ্রহণের পর ড. খলিলুর রহমান বাংলাদেশ সময় রাত ১টায় ৮১তম অধিবেশনের প্রথম প্ল্যানারি মিটিং পরিচালনা করেন। এছাড়া আগামী ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকার প্রধানদের ভাষণের মধ্য দিয়ে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে বলে নির্ধারিত রয়েছে।