খুলনার বটিয়াঘাটা উপজেলার কাজীবাছা নদী থেকে রাকিব খান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রূপসা নৌ পুলিশ। গতকাল রাতে গঙ্গারামপুর ইউনিয়নের কাতিয়ানাংলা বাজারসংলগ্ন নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে রূপসা নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত রাকিব খান খুলনার রূপসা উপজেলার সেনের বাজার এলাকার বাসিন্দা ছিলেন। তিনি মৃত বাকের হোসেন ও রোকসানা বেগমের ছেলে। মরদেহ উদ্ধারের খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে নিহতের মা রোকসানা বেগম এবং খালু এনামুল হক মরদেহটি রাকিবের বলে শনাক্ত করেন।
নিহতের মা পুলিশকে জানিয়েছেন, গত ১ সেপ্টেম্বর থেকে রাকিব নিখোঁজ ছিলেন। নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজখবর নিলেও তাকে পাওয়া যায়নি। সাত দিন পর নদী থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।