বোলারদের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ের ব্যর্থতা সত্ত্বেও বোলারদের কল্যাণে এই স্বস্তির জয় তুলে নেয় ২০১৮ সালের চ্যাম্পিয়নরা। ‘বি’ গ্রুপের রানার্সআপ হিসেবে আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে টাইগ্রেসরা।
১০৪ রানের ছোট লক্ষ্য ডিফেন্ড করতে নেমে বাংলাদেশকে দুর্দান্ত সূচনা এনে দেন পেসার মারুফা আক্তার। ইনিংসের চতুর্থ ওভারেই তিনি সাজঘরে ফেরত পাঠান আরব আমিরাতের অধিনায়ক ইশা ওঝাকে। নিজের পরের ওভারে এসে মারুফা তুলে নেন সামাইরা ধারনিধারকার উইকেট। মারুফার এই বিধ্বংসী শুরুর পর পাওয়ার প্লের ৬ ওভারে মাত্র ১৫ রান তুলতে পারে আরব আমিরাত, বিপরীতে হারায় ২ উইকেট। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এদিন প্রথম ১০ ওভারের মধ্যেই মারুফার ৪ ওভারের কোটা শেষ করান। যেখানে মাত্র ৯ রান খরচায় ২ উইকেট শিকার করেন মারুফা।
পাওয়ার প্লে শেষ হওয়ার পরও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আরব আমিরাত। দলীয় ২২ রানে রিনিথা রাজিথের উইকেট তুলে নেন রাবেয়া খাতুন। এরপর তীর্থ সাথিস ও হিনা মিলে ১৪ রানের একটি জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ২৪ বলে ১১ রান করা তীর্থকে ফিরিয়ে এই জুটি ভাঙেন সুলতানা খাতুন। এর মাত্র ২ রান পরেই লাবন্য কেনিকে বিদায় করেন নাহিদা আক্তার। এরপর দলীয় ৫৬ রানে ১৯ বলে ১৮ রান করা হেনা আউট হলে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় আরব আমিরাত। শেষ পর্যন্ত বাংলাদেশের বোলারদের দাপটে লক্ষ্য তাড়ায় ব্যর্থ হয় তারা।
এর আগে ব্যাটিংয়ে নেমে আরও একবার ব্যর্থতার মুখোমুখি হতে হয় বাংলাদেশকে। তবে শারমিন আক্তারের ৩১ বলে ইনিংস সর্বোচ্চ ৩৮ রানের ওপর ভর করে লড়াইয়ের পুঁজি পায় দল। এছাড়া নাহিদা আক্তার ১৬ ও অধিনায়ক নিগার সুলতানা ২৩ রান করেন। বল হাতে বাংলাদেশের পক্ষে রাবেয়া খাতুন ১৪ রান দিয়ে ৩টি উইকেট নেন। এছাড়া মারুফা ও নাহিদা আক্তার প্রত্যেকেই ২টি করে উইকেট শিকার করেন।