গাজায় নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারিয়েছে আট বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু ও তার বাবা। নিহত ওই শিশুর নাম ওয়াফা ইউসুফ নাবিল আকিলা। নীল রঙের স্কুল ইউনিফর্ম পরে বছরের প্রথম ক্লাসে অংশ নেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় বাড়ি ফেরার পথে তারা এই নৃশংস হামলার শিকার হয়।
গত রোববার (৬ সেপ্টেম্বর) গাজার হামিদ মোড়ের কাছে এই হামলা চালানো হয় বলে আল-শিফা হাসপাতাল সূত্রের বরাতে জানা গেছে। ইসরায়েলি ড্রোন থেকে চালানো এই হামলায় ওয়াফা ও তার বাবা নিহত হন। এছাড়া এই ঘটনায় আরও অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন।
হামলার মাত্র কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে ওয়াফাকে অত্যন্ত আনন্দিত দেখাচ্ছিল। নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে স্কুলে যাওয়ার খুশিতে নীল ইউনিফর্ম পরা ওয়াফা হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে ‘থাম্বস-আপ’ দেখিয়েছিল। কিন্তু সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই ইসরায়েলি হামলায় তার জীবন প্রদীপ নিভে যায়। হামলার পর ঘটনাস্থলে একটি আগুনে পোড়া গাড়ির ধ্বংসস্তূপের মধ্যে তার বই-খাতা ও অন্যান্য স্কুল সামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।