যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামো বা গ্রিড লক্ষ্য করে কোনো ধরনের হামলা চালায়, তবে হরমুজ প্রণালীর মতোই লোহিত সাগরে তেল পরিবহনের পথ বন্ধ করে দেওয়ার জন্য ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে ইরান। বৃহস্পতিবার (১৬ জুলাই) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি সম্পর্কে অবগত উচ্চপর্যায়ের অন্তত তিনটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
ইরানের দুটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, লোহিত সাগরে সম্ভাব্য এই অবরোধের বিষয়টি নিয়ে দেশটির নীতিনির্ধারকদের মধ্যে আলোচনা হয়েছে এবং সেই বার্তা হুথিদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তবে এই বার্তাটি ঠিক কীভাবে হুথিদের কাছে পাঠানো হয়েছে, তা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সূত্রগুলো বলছে, তেহরানের এই অনুরোধ সম্পর্কে হুথিরা অবগত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে রয়টার্স ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হুথিদের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।
হুথিদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ইয়েমেনের লোহিত সাগর ও এডেন উপসাগরের কাছে একটি পার্বত্য অঞ্চলে এরই মধ্যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মোতায়েন করা হয়েছে। এর মাধ্যমে বাব এল-মান্দেব প্রণালিতে চলাচলকারী জাহাজে হামলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে গোষ্ঠীটি এবং তারা এখন চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় রয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরান হরমুজ প্রণালি বন্ধ করার ফলে বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, বাব এল-মান্দেব বন্ধ হলে সেই পরিস্থিতি আরও প্রকট হবে। হুথিদের ঘনিষ্ঠ ওই সূত্রটি আরও জানিয়েছে, ইয়েমেনে অবস্থানরত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রতিনিধিরা বাব আল-মান্দেব প্রণালি বন্ধের চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি নিয়ন্ত্রণ করবে।