চট্টগ্রামের অভিজাত খুলশী এলাকার একটি ভবনে যৌথ অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট ও খুলশী থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত জালালাবাদের কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের একটি ভবনের অষ্টম তলায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে লাওসের ৩৫ জন, পাকিস্তানের ২১ জন, চীনের ৫ জন এবং নেপাল ও ভিয়েতনামের একজন করে নাগরিক রয়েছেন। পুলিশ তাদের কাছ থেকে ১৭০টি ডিভাইস উদ্ধার করেছে, যার মধ্যে ১৩৪টি মোবাইল ফোন, ৫৭টি ল্যাপটপ, একটি অ্যাপল ট্যাব, একটি সিপিইউ, একটি স্যামসাং মনিটর, একটি কি-বোর্ড, একটি মাউস ও একটি প্রিন্টার রয়েছে। এছাড়া পাঁচটি পেনড্রাইভ, চারটি সিমকার্ড, তিনটি পাকিস্তানি জাতীয় পরিচয়পত্র এবং একটি কম্বোডিয়ান এমপ্লয়মেন্ট কার্ড জব্দ করা হয়েছে।
শুক্রবার বিকেলে সিএমপি কমিশনার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ক্রাইম ও অপারেশন্স) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে অবস্থান করে অনলাইনে ডিজিটাল প্রতারণা, মাদক ব্যবসা, এটিএম জালিয়াতি, অনলাইন ক্যাসিনো, স্বর্ণ চোরাচালান ও মানবপাচারের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা প্রায় দেড় মাস আগে ওই ভবনটি ভাড়া নিয়ে প্রতারণামূলক কার্যক্রম শুরু করে। তারা বিভিন্ন ওয়েবসাইট ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে স্ক্যামিংয়ের মাধ্যমে মানুষের ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ও অর্থ হাতিয়ে নিত। স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানান, গত এক মাস ধরে ওই ভবনে বিদেশিদের আনাগোনা ছিল এবং অনেকে নিজেদের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতেন।
পুলিশ জানিয়েছে, এই চক্রকে সহায়তার জন্য দেশি ও বিদেশি সহযোগীরা লজিস্টিক সহায়তা প্রদান করত। এ বিষয়ে খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত ডিভাইসগুলো পরীক্ষা করে তদন্ত অব্যাহত রয়েছে।