ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দেশটিতে সব ধরনের ইরানি পণ্য ও সামগ্রী প্রবেশ এবং বাজারে বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা গত রবিবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
আমদানি নিয়ন্ত্রণ ও অর্থায়নসংক্রান্ত জাতীয় কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। সেন্ট্রাল ব্যাংক অব ইয়েমেনের গভর্নর এবং কমিটির প্রধান আহমাদ গালেবের সভাপতিত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সিদ্ধান্তটি দ্রুত বাস্তবায়নে নিজ নিজ এখতিয়ার এবং দেশের প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে সরকারের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে এই নিষেধাজ্ঞা ঠিক কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি। এছাড়া কোন কোন ইরানি পণ্য এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে, তারও কোনো বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এবং ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে সাম্প্রতিক সময়ে সংঘাত তীব্র রূপ নেওয়ার পরই এই বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত এলো। ইয়েমেন সরকার দীর্ঘদিন ধরেই হুথিদের সামরিক ও আর্থিক মদদ দেওয়ার জন্য তেহরানকে দায়ী করে আসছে। তবে ইরান সবসময়ই এই অভিযোগ অস্বীকার করে এসেছে।
উল্লেখ্য, ২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা এবং দেশের একটি বড় অংশ নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এরপর থেকে ইরানের সমর্থনপুষ্ট হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে ইয়েমেনি সরকারি বাহিনীকে সমর্থন দিয়ে আসছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। ২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দীর্ঘ সময় ধরে সংঘাত কিছুটা কম থাকলেও, গত জুলাই মাস থেকে ইয়েমেনে আবারও নতুন করে তীব্র লড়াই শুরু হয়েছে।