ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী মোনালি ঠাকুর তার ক্যারিয়ারে ‘মোহ মোহ কে ধাগে’ গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য হিট গান উপহার দিয়েছেন। তবে ব্যক্তিগত জীবনের নানা টানাপড়েন ও সম্পর্কের জটিলতা নিয়ে তিনি বারবার শিরোনামে এসেছেন। গত বছর তার ডিভোর্সের গুঞ্জন ছড়ানোর সময় সোশ্যাল মিডিয়ায় করা একটি আবেগঘন পোস্টে দাম্পত্য জীবনে মানসিক ও শারীরিক হেনস্থার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। যদিও সেই সম্পর্ক নিয়ে এরপর আর কোনো মন্তব্য করেননি, তবে নেতিবাচকতা সরিয়ে নিজের ছন্দে জীবন সাজাচ্ছেন এই শিল্পী।
সম্প্রতি মানুষের ওপর বিশ্বাস হারিয়ে পশুদের প্রতি তার আস্থার কথা জানিয়েছেন মোনালি। তিনি বলেন, বর্তমানে মানুষের ওপর বিশ্বাস রাখা কঠিন হয়ে পড়েছে, বরং পশুদের বিশ্বাস করা তার কাছে অনেক সহজ। তিনি আরও জানান, জীবনের কঠিন সময়ে প্রকৃতি ও পশুদের কাছ থেকে যে ভালোবাসা তিনি পেয়েছেন, তা তাকে টিকে থাকতে সাহস জুগিয়েছে।
রিয়েলিটি শোর প্রতিও নিজের অনীহার কথা জানিয়েছেন মোনালি। তার মতে, বছরের পর বছর একই ধরনের বিষয়বস্তু বারবার দেখানো হচ্ছে, যেখানে নতুনত্বের কোনো ছোঁয়া নেই। তাই এসব অনুষ্ঠানে তার আর ভালো লাগে না।
সঙ্গীতের পাশাপাশি মোনালি এখন নিজের ফ্যাশন ব্র্যান্ড ‘ঠাকুরাইন’ কালেকশন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শাড়ির প্রতি ভালোবাসা থেকেই এই উদ্যোগ নিয়েছেন তিনি। তার ভাষ্যমতে, ভারতীয় সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ এবং অনেক গুণী শিল্পী শাড়িতে অসাধারণ নকশা ফুটিয়ে তোলেন। তিনি সেই শিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে চান। তিনি আরও উল্লেখ করেন যে, এই ব্যবসাটি মূলত তার শখ থেকে করা, আয়ের প্রধান উৎস এটি নয়। বিদেশে ভারতীয় জিনিসের কদর থাকলেও, নিজ দেশে সেই মূল্যায়ন কম পাওয়ার বিষয়টিও তিনি আক্ষেপের সাথে তুলে ধরেন। নেতিবাচকতা সরিয়ে ভালো থাকতেই বিশ্বাসী এই শিল্পী নিজের ছন্দে এগিয়ে যেতে চান।