নেত্রকোনার বারহাট্টায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিউলী রানী বিশ্বাস (৪০) মারা গেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে সোমবার রাতে বারহাট্টার বৃকালিকা গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনি ও তাঁর স্বামী আহত হয়েছিলেন। নিহত শিউলী রানী বৃকালিকা গ্রামের মিন্টু বিশ্বাসের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে রান্নাঘরে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বারহাট্টা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে শিউলী রানী গুরুতর দগ্ধ হন। তাঁকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় রেফার করেন।
স্থানীয় প্রতিবেশী কাজল চন্দ্র দাস জানান, আগুনে মিন্টু বিশ্বাসের ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে এবং শিউলী রানীর শরীরের প্রায় সম্পূর্ণ অংশই পুড়ে গিয়েছিল। বারহাট্টা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বিপুল কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং গুরুতর আহত অবস্থায় শিউলী রানীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।