নেপালের ভয়াবহ বন্যায় বাংলাদেশের পক্ষ থেকে ১০ লাখ মার্কিন ডলার আর্থিক সহায়তা দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। একই সঙ্গে বাংলাদেশের জাতীয় সংসদে নেপালের বন্যায় নিহতদের স্মরণে শোকপ্রস্তাব গ্রহণের উদ্যোগেরও ভূয়সী প্রশংসা করেছেন তিনি। গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে নেপালের প্রধানমন্ত্রী এই কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
চিঠিতে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ উল্লেখ করেন, গত ২৬ আগস্ট আকস্মিক বন্যায় নেপালে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে বহু মানুষের ঘরবাড়ি, অবকাঠামো ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের বিভিন্ন সম্প্রদায়ের ওপর। এমন কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের দেওয়া ১০ লাখ ডলারের এই মানবিক ও ত্রাণ সহায়তা নেপালের জন্য অত্যন্ত বড় একটি অবলম্বন হয়ে উঠেছে।
বালেন্দ্র শাহ আশাবাদ ব্যক্ত করে বলেন, এই অনুদান বন্যার পরবর্তী পরিস্থিতি মোকাবিলা, পুনরুদ্ধার কার্যক্রম এবং ক্ষতিগ্রস্ত মানুষের জীবন নতুন করে পুনর্গঠনে দারুণভাবে সাহায্য করবে। পাশাপাশি বাংলাদেশের জাতীয় সংসদে শোকপ্রস্তাব নেওয়ার বিষয়টির প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ নেপালের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের গভীর সহমর্মিতা ও সংহতির এক অনন্য বহিঃপ্রকাশ।
দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর জোর দিয়ে নেপালের প্রধানমন্ত্রী চিঠিতে উল্লেখ করেন, নেপাল বাংলাদেশকে কেবল একজন ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবেই দেখে না, বরং অত্যন্ত প্রিয় এক বন্ধু হিসেবে বিবেচনা করে। দুই দেশের জনগণের মধ্যে অত্যন্ত শক্তিশালী ও নিবিড় সম্পর্ক বিদ্যমান। সংকটের এই সময়ে বাংলাদেশের বাড়িয়ে দেওয়া সহযোগিতার হাত নেপালের মানুষের হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।