সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং ইয়ানবুতে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনা লক্ষ্য করে দুটি সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। শনিবার এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে বিপুলসংখ্যক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে।
হুতিদের বিবৃতিতে বলা হয়েছে, প্রথম অভিযানটি রিয়াদের বেশ কয়েকটি স্পর্শকাতর স্থাপনা লক্ষ্য করে পরিচালনা করা হয়। দ্বিতীয় অভিযানটি ইয়ানবুতে আরামকোর স্থাপনাকে কেন্দ্র করে চালানো হয়। বিদ্রোহী গোষ্ঠীটি দাবি করেছে, উভয় অভিযানই সফল হয়েছে এবং হামলার পর লক্ষ্যবস্তু এলাকায় ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার রাতে রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরবর্তীতে শনিবার সকালে রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে ধোঁয়ার বিশাল কুণ্ডলী এবং আগুন দেখা গেছে।
ইরান মদদপুষ্ট এই গোষ্ঠীটি সতর্ক করে বলেছে, সৌদি আরবের ওপর থেকে অবরোধ প্রত্যাহার এবং ইয়েমেনে সামরিক অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই পাল্টা হামলা অব্যাহত থাকবে। তারা ‘অবরোধের জবাবে অবরোধ’ এবং ‘উত্তেজনার জবাবে উত্তেজনা’ নীতি বজায় রাখার ঘোষণা দিয়েছে। হুতিরা আরও হুঁশিয়ারি দিয়েছে যে, সৌদি বাহিনীর সেনা এবং সামরিক সমাবেশগুলোও তাদের পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারে।