দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩০৫ শিশু। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগে দুজন, সিলেট বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগে একজন করে শিশু রয়েছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৪২৯ জন সন্দেহজনক এবং ৫৯ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ৪৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে, রংপুর বিভাগে সবচেয়ে কম রোগী পাওয়া গেছে, যেখানে ২৬ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে এবং তারা সবাই হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৯৬২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০১ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মোট ১ হাজার ৬৩ শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬৪৬ জন এবং সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮১ হাজার ৩৫ জন।