জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য চলাকালে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ট্রাম্প তাঁর ভাষণে তেহরানে যুক্তরাষ্ট্রের দফায় দফায় সামরিক হামলার প্রসঙ্গ উল্লেখ করলে সভাকক্ষ থেকে একে একে বেরিয়ে যান ইরানি প্রতিনিধিদলের সদস্যরা। আল জাজিরার লাইভ প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশনে ট্রাম্প যখন তেহরানের ওপর মার্কিন সামরিক হামলার বিষয়টি সামনে আনেন, তখন ইরানি প্রতিনিধিদলের সদস্যরা প্রতিবাদস্বরূপ সভাকক্ষ ত্যাগ করেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, শেষ পর্যন্ত সেখানে ইরানের কেবল একজন নিম্নপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জাতিসংঘের এই অধিবেশনে যোগদানের জন্য বর্তমানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নিউ ইয়র্কে অবস্থান করছেন। তবে ট্রাম্পের বক্তব্যের সময় সাধারণ পরিষদের মূল হলে তাদের ইরানি প্রতিনিধিদলের সঙ্গে বসে থাকতে দেখা যায়নি।