বলিউড অভিনেত্রী রানি মুখার্জি তার মাকে হারিয়েছেন। মঙ্গলবার দুপুরে কৃষ্ণা মুখার্জি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
প্রযোজনা সংস্থা ‘যশ রাজ ফিল্মস’ এক আনুষ্ঠানিক বিবৃতিতে কৃষ্ণা মুখার্জির মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে। শোকের এই মুহূর্তে মুখার্জি পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা এবং পরিসরের প্রতি শ্রদ্ধা বজায় রাখার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘মঙ্গলবার দুপুরে রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি মারা গেছেন। এই কঠিন সময়ে আপনাদের ভালোবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য মুখার্জি পরিবার কৃতজ্ঞ।’
কৃষ্ণা মুখার্জি ছিলেন শাস্ত্রীয় সংগীতে প্রশিক্ষিত একজন শিল্পী। একসময় তিনি কয়েকটি সিনেমায় গানও করেছিলেন। তার স্বামী রাম মুখার্জি ছিলেন চলচ্চিত্র পরিচালক, যিনি ২০১৭ সালে মারা যান। মুম্বাইয়ে মুখার্জি পরিবারের বিভিন্ন সামাজিক ও পারিবারিক আয়োজনে কৃষ্ণা মুখার্জিকে নিয়মিত দেখা যেত। বিশেষ করে পরিবারের ঐতিহ্যবাহী দুর্গাপূজায় তার সরব উপস্থিতি ছিল লক্ষণীয়।
অভিনেত্রী রানি মুখার্জির সঙ্গে তার মায়ের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। বিভিন্ন সাক্ষাৎকারে রানি তার মায়ের কাছ থেকে পাওয়া শক্তি ও অনুপ্রেরণার কথা উল্লেখ করেছেন। নিজের প্রথম হিন্দি সিনেমা ‘রাজা কি আয়েগি বারাত’-এ অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মায়ের পরামর্শ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রানি জানিয়েছিলেন, মা মনে করতেন তার ভালো কাজ পরিবারের সবার জন্যই কল্যাণ বয়ে আনবে। এছাড়া ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় এক মায়ের চরিত্রে অভিনয়ের ক্ষেত্রেও তিনি মায়ের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন। মাকে স্মরণ করে রানি বলেছিলেন, ‘একজন আপাদমস্তক বাঙালি মানুষ। নিজ হাতে আমাদের খাইয়ে দিয়েছেন, কপালে টিপ পরিয়ে দিয়েছেন। আমি আমার মায়ের কাছ থেকেই শক্তি ও অনুপ্রেরণা পেয়েছি।’
উল্লেখ্য, চলতি বছর ‘মর্দানি ৩’ সিনেমায় রানি মুখার্জিকে দেখা গেছে। এছাড়া আগামী ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে তার নতুন সিনেমা ‘কিং’। ছবিটিতে শাহরুখ খান, সুহানা খান, দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চনসহ বলিউডের আরও অনেক তারকা অভিনয় করেছেন।