গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কুকুরের কামড়ে সিনথিয়া আক্তার নামের সাত বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কামারপাড়া ইউনিয়নের উত্তর হাটবামুনী গ্রামে এই দুঃখজনক ঘটনাটি ঘটে। নিহত সিনথিয়া ওই গ্রামের সনজু মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে সিনথিয়া প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে একটি কুকুর তাকে ধাওয়া করে কামড় দেয়, এতে শিশুটি গুরুতর আহত ও রক্তাক্ত হয়। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর মঙ্গলবার দুপুরে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিলকিস চৌধুরী এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীক জাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় বেওয়ারিশ ও আক্রমণাত্মক কুকুরের পাশাপাশি শিয়ালেরও উপদ্রব রয়েছে, যা নিয়ে অভিভাবকসহ সব বয়সী মানুষ চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। স্থানীয়দের দাবি, কেবল ঘটনার পর পরিদর্শনই যথেষ্ট নয়, বরং বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণ, নিয়মিত নজরদারি, টিকাদান এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত জানান, স্থানীয়দের আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং নির্ধারিত সময়ে জলাতঙ্কের টিকা নেওয়ার বিষয়ে সচেতন করা হয়েছে। এছাড়া এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।