পাবনার ঈশ্বরদীতে অভিনব কায়দায় স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে পৌর শহরের চাঁদ আলী মোড় এলাকার মাসুদ জুয়েলার্সে ক্রেতা সেজে ঢুকে দুই ভরি স্বর্ণের দুটি মালা নিয়ে দৌড়ে পালিয়ে যায় এক যুবক।
দোকানের মালিক ও স্বর্ণ ব্যবসায়ী মাহসি ইয়াতিকুর রহমান জানান, আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবক মুখে মাস্ক পরা অবস্থায় দোকানে প্রবেশ করে। সে স্বর্ণের মালা কেনার আগ্রহ প্রকাশ করে বিভিন্ন গহনা দেখতে চায়। একপর্যায়ে দোকান মালিক তাকে দুটি স্বর্ণের মালা দেখালে, সেগুলো হাতে পাওয়ার সাথে সাথেই যুবকটি দোকান থেকে দৌড়ে বেরিয়ে যায়। দোকানের বাইরে গিয়ে অন্ধকারের সুযোগ নিয়ে সে দ্রুত পালিয়ে যায়। আশেপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তাকে আটক করা সম্ভব হয়নি।
দোকান মালিক আরও জানান, চুরি হওয়া মালা দুটির প্রতিটির ওজন এক ভরি করে, যার মোট বর্তমান বাজারমূল্য আনুমানিক সাড়ে ৪ লাখ টাকা। যুবকটি মাস্ক পরা থাকায় সিসিটিভি ক্যামেরায় তার মুখমণ্ডল স্পষ্ট ধরা পড়েনি।
ঘটনার বিষয়ে ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যদিও এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনার মাধ্যমে ওই যুবককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। অভিযোগ পাওয়া মাত্রই আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।