হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগান সংলগ্ন পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার হলহলিয়া গ্রামের মোহাদ্দিস খান (২০) এবং একই উপজেলার সতং গ্রামের শেখ নয়ন মিয়া (২০)। দুর্ঘটনার পর স্থানীয়রা এবং পুলিশ গুরুতর আহত অবস্থায় অপর দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, চার যুবক দুটি মোটরসাইকেলে করে ঘুরতে বেরিয়েছিলেন। চান্দপুর চা বাগান এলাকা থেকে ফেরার পথে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।