ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সিরিয়ার আল-তানফ অঞ্চলে অবস্থিত শত্রুপক্ষের বিশেষ অভিযান পরিচালনা কেন্দ্রে আকস্মিক হামলা চালিয়েছে। সংগঠনটির দাবি, ইরানশাহর এলাকায় নিহত নিজেদের সেনাদের রক্তের প্রতিশোধ নিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) আইআরজিসির জনসংযোগ বিভাগ ‘অপারেশন নাসর-২’-এর ১৯ নম্বর বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে।
বিবৃতিতে বলা হয়, মার্কিন বাহিনীর নৃশংসতার জবাবে আইআরজিসির মহাকাশ বাহিনীর যোদ্ধারা ‘অপারেশন নাসর-২’-এর ১১তম ধাপে ‘আবু আবদুল্লাহ আল-হুসেইন (আ.)’ কোড নামে এই অভিযান পরিচালনা করে। ইরানশাহরের বাম্পুরে শহীদ হওয়া সেনাদের প্রতি উৎসর্গ করেই সিরিয়ার তানফ অঞ্চলে শত্রুর বিশেষ অভিযান কমান্ড সেন্টারে এই হামলা চালানো হয়েছে বলে সংগঠনটি জানায়।
আইআরজিসি দাবি করেছে, এই হামলায় মার্কিন বাহিনীর একটি রাডার ব্যবস্থা ও বেশ কয়েকটি বিশেষ অভিযান হেলিকপ্টার ধ্বংস হয়েছে। পাশাপাশি, ইরানশাহরে নিহত সেনাদের হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলায় বিপুলসংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে বলেও সংগঠনটি দাবি করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালির ওপর এখনো তাদের সাহসী যোদ্ধাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। যতদিন পর্যন্ত মার্কিন নৃশংসতা অব্যাহত থাকবে, ততদিন এই অঞ্চল থেকে এক ফোঁটা তেল ও গ্যাসও রপ্তানি হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।