পারিবারিক বিপর্যয়, মানসিক অশান্তি, সন্ত্রাস, নারী নির্যাতন, ধর্ষণ, আর্থসামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক অস্থিরতা, সামাজিক নিরাপত্তাহীনতা ও মূল্যবোধের অবক্ষয়সহ নানা কারণে মানুষ আত্মহত্যার মতো ধ্বংসাত্মক পথ বেছে নেয়। মনস্তাত্ত্বিক চাপের মুখে ভারসাম্য হারিয়ে দুর্বল চিত্তের ব্যক্তিরা মুক্তি খুঁজতে গিয়ে এই পথ অবলম্বন করে। তবে ইসলামে আত্মহত্যাকে মহাপাপ ও অত্যন্ত ঘৃণ্য কাজ হিসেবে ঘোষণা করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বলেন, 'তোমরা নিজেদের হত্যা কোরো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। যে কেউ সীমালঙ্ঘন করে অন্যায়ভাবে তা (আত্মহত্যা) করবে, তাকে আগুনে দগ্ধ করব। এটা আল্লাহর পক্ষে সহজ।' (সুরা নিসা : ২৯-৩০)।
আত্মহত্যার পরিণাম অত্যন্ত ভয়াবহ। রাসুল (সা.)-এর হাদিসে এর ভয়াবহতা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। তিনি এক সাহাবির ঘটনা উল্লেখ করে বলেন, পূর্ববর্তী যুগে এক ব্যক্তি আহত হয়ে ছটফট করার সময় ছুরি দিয়ে নিজের হাত কেটে রক্তপাত ঘটিয়ে মৃত্যুবরণ করেছিল। আল্লাহ তখন বলেছিলেন, 'আমার এ বান্দা নিজের ব্যাপারে খুব তাড়াহুড়া করে ফেলেছে। এ কারণে আমি তার প্রতি জান্নাত হারাম করে দিয়েছি।' (বোখারি : ৩২৭৬)। রাসুল (সা.) আরও সতর্ক করে বলেছেন, যে ব্যক্তি পাহাড় থেকে লাফ দিয়ে বা বিষপান করে কিংবা ছুরির আঘাতে আত্মহত্যা করবে, পরকালেও তাকে সেই একই উপায়ে জাহান্নামে শাস্তি প্রদান করা হবে এবং সে সেখানে স্থায়ী হবে। (বোখারি : ৫৭৭৮, ৫৭০০; মুসলিম : ১০৯, ১৭৭৮)।
ডিপ্রেশন বা মানসিক অশান্তির মুহূর্তে আল্লাহর ওপর ভরসা বা তাওয়াক্কুল করাই একজন মোমিনের প্রকৃত গুণ। বিপদাপদ ও পারিবারিক কলহের সময় হতাশ না হয়ে আল্লাহর রহমতের ওপর ভরসা রাখা ঈমানদারের বৈশিষ্ট্য। আল্লাহ বলেন, 'যারা পথভ্রষ্ট, তারা ছাড়া আর কে তার রবের অনুগ্রহ হতে নিরাশ হয়?' (সুরা হিজর : ৫৬)। অন্য আয়াতে বলা হয়েছে, 'তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ো না।' (সুরা যুমার : ৫৩)। পৃথিবী ক্ষণস্থায়ী এবং কোনো সংকটই স্থায়ী নয়; বরং কষ্টের পরেই সুখ আসে। আল্লাহ আরও বলেন, 'যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট।' (সুরা তালাক : ৩)।
ইসলামে প্রতিকারের উপায় হিসেবে মৃত্যু কামনা করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। রাসুল (সা.) বলেন, 'তোমাদের কেউ যেন দুঃখ-কষ্টে পড়লে মৃত্যু কামনা না করে। যদি কিছু করতেই চায়, তাহলে সে যেন বলে, হে আল্লাহ! আমাকে জীবিত রাখো, যতদিন আমার জন্য বেঁচে থাকা কল্যাণকর হয়। আর মৃত্যু দাও, যখন আমার জন্য মরে যাওয়া কল্যাণকর হয়।' (বোখারি : ৫৬৭১)।