বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা এখন থেকে সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত নতুন পে-স্কেলের আওতায় বেতন-ভাতা প্রাপ্ত হবেন। এ বিষয়ে নতুন করে কোনো পৃথক প্রজ্ঞাপন জারির প্রয়োজন হবে না। সরকারি চাকরিজীবীদের জন্য যে গেজেট প্রকাশিত হয়েছে, তা এমপিওভুক্ত জনবলের ক্ষেত্রেও সরাসরি প্রযোজ্য হবে।
বুধবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আয়োজিত এক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এই তথ্য নিশ্চিত করেছেন। নায়েম মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে তিনি আরও জানান, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের অবসর ভাতার জটিলতা নিরসনে বর্তমান সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
সচিব বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে দীর্ঘ সময় ধরে চলে আসা অবসর ভাতার অর্থ পাওয়ার ভোগান্তি দূর করার কাজ চলছে। এ ছাড়া জাতীয়করণকৃত কলেজের শিক্ষকদের স্থায়ী করার প্রক্রিয়া অচিরেই শুরু হবে এবং তাদের বদলি ব্যবস্থা চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।