বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি ৮ টাকা ৩৯ পয়সা বৃদ্ধি করেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক সরবরাহকৃত ফার্নেস অয়েলের নতুন নির্ধারিত দাম এখন ১০৮ টাকা ৭৮ পয়সা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থাটি এই নতুন দাম ঘোষণা করে। এর আগে গত ৩০ জুলাই ফার্নেস অয়েলের দাম প্রতি লিটার ১০০ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছিল। সেই তুলনায় নতুন করে লিটারপ্রতি ৮ টাকা ৩৯ পয়সা বাড়ানো হলো।
বিইআরসি জানিয়েছে, ফার্নেস অয়েলের প্লাটস রেটের গড়, অপরিশোধিত তেলের এফওবি মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হারসহ প্রাসঙ্গিক বিষয়গুলো বিশ্লেষণ করে এই দাম সমন্বয় করা হয়েছে।
নির্ধারিত এই নতুন দাম বুধবার দিনগত রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো), সরকারি ও বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শিল্পকারখানা এবং অন্যান্য সকল গ্রাহকের ক্ষেত্রে প্রযোজ্য হবে।