চট্টগ্রামে সাম্প্রতিক বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকার ত্রাণ কার্যক্রমের পাশাপাশি পুনর্বাসনের কাজও শুরু করেছে। শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামের পতেঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পর্কে মন্ত্রী জানান, ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, রান্না করা খাবার ও শুকনো খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, পুনর্বাসন কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে এবং পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারের এই সহায়তা অব্যাহত থাকবে।
বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ব্যবস্থার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বন্যায় অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়ক দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং এরই মধ্যে মেরামতের কাজও শুরু হয়েছে।
পতেঙ্গায় ত্রাণ বিতরণ শেষে অর্থমন্ত্রী চন্দনাইশের উদ্দেশে রওনা দেন। তিনি পর্যায়ক্রমে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীসহ বিভিন্ন এলাকায় গিয়ে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন বলে জানা গেছে।