অ্যাকশনধর্মী চরিত্রের বাইরে এবার প্রেমের আবহে পর্দায় ফিরছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। নির্মাতা হিমেল আশরাফের নতুন সিনেমা ‘মহব্বত’-এ তাকে দেখা যাবে পুরোদস্তুর রোমান্টিক চরিত্রে। বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির টাইটেল এনাউন্সমেন্ট পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে ‘তুফান’, ‘তাণ্ডব’, ‘বরবাদ’ ও ‘প্রিন্স’-এর মতো অ্যাকশননির্ভর সিনেমায় শাকিব খানকে রুক্ষ মেজাজে দেখা গেছে। এমনকি চলতি বছরের কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘রকস্টার’-এ গায়ক হিসেবে হাজির হয়েও তিনি দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। সেই ধারাবাহিকতার বাইরে গিয়ে এবার ‘মহব্বত’ সিনেমার মাধ্যমে নতুন এক গল্পের সূচনা করতে যাচ্ছেন এই অভিনেতা।
নির্মাতা হিমেল আশরাফ ও শাকিব খান জুটির আগের সিনেমা ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় দুই বছরেরও বেশি সময় পর আবারও তারা একই সিনেমায় কাজ করছেন। প্রযোজক আরশাদ আদনানের সঙ্গেও এটি তাদের আরও একটি যৌথ প্রয়াস।
প্রকাশিত পোস্টারে দেখা যায়, কালো ওভারকোট পরিহিত এক যুবক এক তরুণীর হাত ধরে হেঁটে যাচ্ছেন। তবে শাকিব খানের বিপরীতে কেন্দ্রীয় নারী চরিত্রে কে অভিনয় করছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। সিনেমার নাম ঘোষণার সময় নির্মাতা হিমেল আশরাফ লিখেছেন, ‘কখনো কখনো ভালোবাসার জন্য মূল্য চোকাতে হয়; কখনো এটি প্রতিজ্ঞা আর কখনো এক লড়াই। মহব্বত, এক নতুন গল্পের নতুন যাত্রার শুরু।’
নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টরা জানিয়েছেন, সিনেমাটি আগামী বছরের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। পরিচিত এই টিমের নতুন সিনেমা ঘিরে এরই মধ্যে দর্শকদের মাঝে আগ্রহ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির টাইটেল এনাউন্সমেন্ট পোস্টার প্রকাশ করেন হিমেল আশরাফ।