আসন্ন দুর্গাপূজায় সৃজিত মুখার্জির পরিচালনায় বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। এই সিনেমায় আবির চ্যাটার্জির বিপরীতে অভিনয় করছেন মিমি চক্রবর্তী। এর আগে ‘রক্তবীজ’ সিনেমায় তাদের একসঙ্গে দেখা গেলেও, এবারের সিনেমায় তারা দুজনই তরুণ বিপ্লবীর চরিত্রে স্ক্রিন শেয়ার করছেন। বিপ্লবী চরিত্রে অভিনয়ের অর্থ হলো মনে কোনো ভয় না রাখা এবং সাহসের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা। তবে এই সিনেমার প্রচারে অংশ নিয়ে মিমি চক্রবর্তী এমন এক ভয়ের কথা সামনে এনেছেন, যা এতদিন তিনি গোপন রেখেছিলেন।
এক সাক্ষাৎকারে মিমি চক্রবর্তী জানিয়েছেন যে, বহু বছর ধরে টালিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও নতুন কোনো সিনেমার শুটিং শুরু হওয়ার আগের রাতে এখনো তার ঠিকমতো ঘুম হয় না। এই ভয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, এটি মূলত নতুন কাজ শুরুর আগের মানসিক চাপ। নিজের এই ভয় কাটাতে তিনি শুটিংয়ের প্রথম দিন নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই তিনি ফ্লোরে পৌঁছে যান। সেটে কারা রয়েছেন এবং সবাই কীভাবে কাজ করছেন, তা খুব কাছ থেকে লক্ষ্য করেন।
এদিকে ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ ছবিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে টোটা রায় চৌধুরীকে। একই সঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘পথের দাবী’র সব্যসাচী চরিত্রে থাকছেন আবির চট্টোপাধ্যায়। এ ছাড়া এই সিনেমায় গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মিমি চক্রবর্তী, দিব্যাণী মণ্ডল ও ঋক চট্টোপাধ্যায়।