মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও তুলে আছাড় মারার অভিযোগে এক অভিভাবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ বাদী হয়ে অভিযুক্ত নাহিদ শেখের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ, বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন গত বুধবার ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়া হয়েছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে প্রস্তুতিমূলক কুচকাওয়াজ শেষে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা যখন শ্রেণিকক্ষে অবস্থান করছিল, তখন সেখানে প্রবেশ করেন নাহিদ শেখ। তিনি বুধবারের মারধরের ঘটনার জেরে সন্দেহবশত ওই শ্রেণিকক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে এলোপাতাড়ি মারধর করেন এবং তিনবার তুলে আছাড় দেন। এ ঘটনার একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
শ্রেণিকক্ষে হঠাৎ এমন হামলার ঘটনায় উপস্থিত অন্য শিক্ষার্থীরা ভয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করলে শিক্ষকরা দ্রুত সেখানে ছুটে যান। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযুক্ত নাহিদ শেখকে তাঁর কক্ষে নিয়ে আটকে রাখেন এবং তাৎক্ষণিকভাবে সিরাজদীখান থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ বিদ্যালয়ে গিয়ে নাহিদ শেখকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। গ্রেপ্তার হওয়া নাহিদ শেখ উপজেলার পূর্ব রাজদিয়া গ্রামের মৃত আব্দুর জব্বার শেখের ছেলে। শ্রেণিকক্ষে ঢুকে এমন মারধরের ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তীব্র উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে।
এই ঘটনা প্রসঙ্গে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম বলেন, গত বুধবার দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়া হয়েছিল। সেই সূত্র ধরে বৃহস্পতিবার এক শিক্ষার্থীর অভিভাবক বিদ্যালয়ে এসে অন্য শিক্ষার্থীকে মারধর করেন। প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানিয়ে সমাধানের চেষ্টা না করে এভাবে সরাসরি শ্রেণিকক্ষে ঢুকে একজন শিক্ষার্থীকে মারধর করা অত্যন্ত লজ্জাজনক। এমন কাজ ওই অভিভাবকের করা কোনোভাবেই ঠিক হয়নি।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত অভিভাবক নাহিদ শেখকে আটক করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, সিরাজদীখানের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ জানিয়েছেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।